
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তিক পূর্ব লন্ডনের একটি হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে নেতাকর্মীরা পূর্ব লন্ডনের আলতাব আলি পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ডাক ও সাহসী ভূমিকা তুলে ধরেন যুক্তরাজ্য সাধারণ প্রবাসী বাংলাদেশিদের কাছে।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় আমাদের দীর্ঘ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। নয় মাসের যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সাহস ও বিজয়ের প্রতীক।
স্বাধীনতা আমাদের শুধু একটি ভূখণ্ড দেয়নি, দিয়েছে জাতিসত্ত্বা, দিয়েছে বলার ভাষা, দিয়েছে মাথা উঁচু করে বাঁচার অধিকার।
প্রবাসে থেকেও আমরা এই দিনটির তাৎপর্য ভুলে যেতে পারি না। আমাদের দায়িত্ব এখানকার প্রজন্মকে সেই গৌরবময় ইতিহাস জানানো, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া, এবং আমাদের সংস্কৃতি ও ভাষাকে বুকে ধারণ করে রাখা।
বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দেশের আপামর বাঙালির সাহসী অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপস্থিতি অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসে স্বাধীনতা দিবস উদযাপন একটি প্রেরণাদায়ক ও চেতনার্মথ অনুষ্ঠান হিসেবে পরিগণিত হয়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।